ভারত থেকে আজ আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে আজ আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

নিজস্ব প্রতিবেদক : March 10, 2026

চলমান জ্বালানি অস্থিরতার মধ্যে ভারত থেকে দেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

এর আগে গত রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়।

তার দুদিন পরই আজ ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে উদ্বোধন হওয়া বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বর্তমানে বছরে প্রায় ২ লাখ টন ডিজেল পরিবহন করা সম্ভব। ভবিষ্যতে এর সক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে ১০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

Share This