জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের আসন্ন কনসার্টের টিকিট বিক্রির নামে অনলাইন প্রতারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেফতারকৃত মো. বখতিয়ার আবিদ খান (২১)। তিনি ‘Bangladesh Concert & Event Connects (BCEC)’ নামের একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন বলে জানিয়েছে সিআইডি।
সিআইডির তথ্যমতে, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিটে অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজক প্রতিষ্ঠান GetMyTicket.live-এর মাধ্যমে গত ৮ জুলাই থেকে Main Stage Inc-এর ফেসবুক পেজে প্রচারণা শুরু হয়।
এ সময় আয়োজকদের নজরে আসে, Bangladesh Concert & Event Connects (BCEC) নামের একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে।
অভিযোগে বলা হয়, বিষয়টি নিয়ে গ্রুপের অ্যাডমিন Ak Abid Khan-এর সঙ্গে যোগাযোগ করলে তিনি পোস্ট অপসারণের পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। পাশাপাশি টাকা না দিলে এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখা এবং Event Sajai ও Main Stage Inc-এর ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার হুমকিও দেন।
এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তভার গ্রহণের পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. বখতিয়ার আবিদ খানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি iPhone 11 জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে Bangladesh Concert & Event Connects (BCEC) ফেসবুক গ্রুপের অ্যাডমিন এবং Ak Abid Khan নামের ফেসবুক আইডির ব্যবহারকারী বলে স্বীকার করেছেন।
সিআইডি জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।