৩১ দফার প্রতিশ্রুতি রক্ষা না করাই কি জুলাই সনদ পালনের নমুনা: মঞ্জু

৩১ দফার প্রতিশ্রুতি রক্ষা না করাই কি জুলাই সনদ পালনের নমুনা: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক : August 08, 2026

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রশ্ন তুলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফার প্রতিশ্রুতি রক্ষা না করাই কি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের নমুনা?

শনিবার (৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত ‘রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান ও জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সরকারি দলের নেতারা বারবার বলছেন, তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। আপনাদের ঘোষিত ৩১ দফার প্রতিশ্রুতি রক্ষা না করাই কি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের নমুনা?’

এ সময় তিনি বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখার প্রথম দফা পাঠ করে শোনান। সেখানে প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি পরিহারের কথা বলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

হবিগঞ্জে সন্ত্রাসী হামলায় কিশোর ছাত্র আলিফের চোখ উৎপাটন এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় হামলার সময় জানালার কাচ ভাঙচুরের প্রসঙ্গ তুলে মঞ্জু বলেন, সামান্য রাজনৈতিক সমালোচনার বিরুদ্ধে যারা এতটা আগ্রাসী মনোভাব পোষণ করেন, তাদের কোনো কথারই বিশ্বাসযোগ্যতা নেই।

সরকারি দলের নেতাদের নিজেদের ঘোষিত ৩১ দফা বারবার পড়ার পাশাপাশি সপ্তাহে অন্তত একবার জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান তিনি।

মঞ্জু বলেন, ‘ক্ষমতায় যে-ই বসে, সে-ই অতীতের প্রতিশ্রুতি ভুলে যায়। এ কারণেই আমরা সবাই মিলে একটি সনদ তৈরি করতে চেয়েছিলাম, যাতে ক্ষমতায় যে-ই আসুক, সে সনদ রক্ষা করতে বাধ্য হয়। কিন্তু বিএনপি মৌলিক বিষয়গুলোতে নোট অব ডিসেন্ট দিয়ে জটিলতা তৈরি করেছে।’

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনামলের কথা স্মরণ করে তিনি বলেন, ‘তারা জুলুম-নিপীড়নের মাধ্যমে সব রাজনৈতিক দলকে দুর্বল করে দিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হলে দুই মাসের মধ্যেই বিএনপিকে নিষিদ্ধ করা হতো।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইউম সোবহানী।

সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের এবং নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা ইজহারসহ অন্যরা।

Share This