জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশ বিমান বাহিনীর ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্ট প্রতিস্থাপনের অংশ হিসেবে ১১১ জন শান্তিরক্ষী ঢাকা ছেড়েছেন।
বুধবার (৪ নভেম্বর) জাতিসংঘের ভাড়াকৃত ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে কঙ্গোর উদ্দেশে যাত্রা করেন তাঁরা। পর্যায়ক্রমে মোট ১৩৫ জন সদস্যের সমন্বয়ে নতুন কন্টিনজেন্টের মাধ্যমে সেখানে দায়িত্ব পালনরত বর্তমান কন্টিনজেন্টকে প্রতিস্থাপন করা হবে।
বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান, বিপিপি, পিএসসি, জিডি (পি)।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শান্তিরক্ষীদের বিদায় জানাতে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কঙ্গোতে চলমান সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এর মাধ্যমে তাঁরা দেশটির সরকার ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। অর্জিত সুনাম ও সাফল্য অক্ষুণ্ন রেখে ভবিষ্যতেও শান্তিরক্ষীরা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করা হয়।
এর আগে গত ১ নভেম্বর বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী শান্তিরক্ষীদের উদ্দেশে ব্রিফিং দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় তিনি মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের সুনাম সমুন্নত রাখার আহ্বান জানান।