ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী

ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : April 21, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের মনোনীত ১৩ নারী প্রার্থী।

মঙ্গলবার  (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।

জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।

জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। এছাড়া জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমও প্রার্থী হয়েছেন।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংরক্ষিত নারী আসনে জোটের প্রার্থী করা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে ২৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে।

৫০টি সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬ জন প্রার্থী চূড়ান্ত করেছে। তারাও আজ মনোনয়নপত্র জমা দেবেন। অন্যদিকে জামায়াতে একসঙ্গে ১৩ জনের জমা দিয়েছেন, আর স্বতন্ত্রদের একটি জোট ১ জন। এক্ষেত্রে একক প্রার্থী থাকায় ২৯ এপ্রিল প্রত্যাহারের সময় শেষ হলে রিটার্নিং কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাইকে নির্বাচিত ঘোষণা করবেন।

Share This