নিজস্ব প্রযুক্তি ও সক্ষমতায় বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেডে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য ৫টি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৭ জুন) ডিইডব্লিউ লিমিটেডে এ উপলক্ষে কিল-লেয়িং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।
নির্মাণাধীন প্রতিটি রিভারাইন পেট্রোল ভেসেলের দৈর্ঘ্য ৩৮.৫ মিটার, প্রস্থ ৭.৯০ মিটার, গভীরতা ২.৪৫ মিটার এবং ডিসপ্লেসমেন্ট ২৩২ টন। আধুনিক নেভিগেশন রাডার, জিপিএস ও নাইট ভিশন প্রযুক্তিসহ সজ্জিত এসব নৌযান ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মাইল বেগে চলাচল করতে সক্ষম হবে।
কোস্টগার্ডের এ নতুন নৌযানগুলো দেশের নদী, মোহনা ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সন্ত্রাসবিরোধী অভিযান এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে ডিইডব্লিউ লিমিটেডের নিজস্ব সক্ষমতায় এসব আরপিভি নির্মাণ দেশের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা অর্জন এবং দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং দেশের সামুদ্রিক ও নদীপথ নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।