যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিজিআর সদর দপ্তরে আগমন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পিজিআরের কমান্ডার এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার তাঁকে অভ্যর্থনা জানান। পরে পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে তিনি পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করেন। একইসঙ্গে ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের সময় দায়িত্ব পালনকালে নিহত পিজিআরের পাঁচ সদস্যসহ বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণকারী সৈনিকদেরও স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, পিজিআরের সদস্যরা নিজেদের আরও দক্ষ ও আধুনিক মানবসম্পদ হিসেবে গড়ে তুলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর ভূমিকা পালন করবেন।
পরে দুপুর ১২টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি, পিজিআর সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান ও পিজিআর কমান্ডার তাঁকে স্বাগত জানান। এ সময় পিজিআরের একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে।
পরবর্তীতে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে প্রধানমন্ত্রী উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বক্তব্য রাখেন। তিনি পিজিআরের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা, কর্তব্যপরায়ণতা এবং ত্যাগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।