ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত

ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত

ফেনী প্রতিনিধি : May 12, 2026

ফেনীতে বাস চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে। নিহতেরা হলেন নুর আলম (৪৫) ও তার ছেলে মো. নিরব (২৫)।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া অংশের আলম ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সি-ম্যান সফিউল উল্যাহর বাড়ির নুরুল হুদার ছেলে। তিনি পেশায় অ্যাম্বুলেন্সচালক ছিলেন। 

এ ঘটনায় আহত হয়েছেন তার ভাগিনা আফজাল মিঠু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ছেলে ও ভাগ্নেকে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া থেকে মোটরসাইকেলে করে ফেনীতে ফিরছিলেন নুর আলম। পথে হাফেজিয়া এলাকায় দ্রুতগতির একটি দাউদকান্দি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নুর আলম মারা যান। গুরুতর আহত ছেলে নিরব ও ভাগ্নে আফজাল মিঠুকে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে নিরবের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম খবরের কাগজকে জানান, বাসচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share This