বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক : July 08, 2026

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক (এক্সিকিউটিভ ডিরেক্টর) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। সরকারি প্রজ্ঞাপন জারি হলে তিনি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবদুর রহমান খানের নিয়োগসংক্রান্ত ফাইল ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেয়েছে। আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমানে বাংলাদেশ থেকে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পদটি প্রতিষ্ঠানটির অন্যতম গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী অবস্থান। এ পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সদস্য দেশগুলোর পক্ষে পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্ব করেন এবং ঋণ, অনুদান, উন্নয়ন প্রকল্প, নীতিগত সিদ্ধান্ত ও বিভিন্ন আর্থিক কার্যক্রমসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেন।

এ ছাড়া বিকল্প নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালকের অনুপস্থিতিতে দায়িত্ব পালন এবং পরিচালনা পর্ষদের কার্যক্রমে সহায়তা করে থাকেন।

আবদুর রহমান খান দীর্ঘদিন ধরে সরকারি প্রশাসন ও রাজস্ব ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এনবিআরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কর প্রশাসনের আধুনিকায়ন, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং বিভিন্ন সংস্কার কার্যক্রমে তিনি নেতৃত্ব দেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, রাজস্ব প্রশাসন, অর্থনীতি ও উন্নয়ন ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতার কারণে বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে এবং উন্নয়ন সহযোগিতা জোরদারে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্বের মাধ্যমে আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন, অবকাঠামো বিনিয়োগ, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক সংস্কারসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দেশের অবস্থান তুলে ধরার সুযোগ আরও শক্তিশালী হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Share This