হরমুজ প্রণালির কাছে মালবাহী জাহাজে হামলা

হরমুজ প্রণালির কাছে মালবাহী জাহাজে হামলা

আন্তজার্তিক ডেস্ক : May 04, 2026

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে একটি মালবাহী জাহাজ একাধিক ছোট নৌযান দ্বারা হামলার শিকার হয়েছে। রবিবার ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য জানিয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই প্রণালিতে ও এর আশেপাশে এটিসহ অন্তত দুই ডজন হামলার ঘটনা ঘটলো।

 

সমুদ্র চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্বে ইরানের সিরিক উপকূলের কাছে এই হামলার ঘটনা ঘটে। তবে উত্তরমুখী অজ্ঞাত পরিচয়ের ওই জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন।

 

এদিকে ইরানি কর্মকর্তারা দাবি করেছেন যে, এই প্রণালিটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে যুক্ত নয় এমন জাহাজগুলো টোল প্রদানের মাধ্যমে এটি পার হতে পারবে।

 

ইউকেএমটিও জানিয়েছে, সর্বশেষ গত ২২ এপ্রিল একটি মালবাহী জাহাজে গুলি চালানোর ঘটনার পর এটিই এই অঞ্চলে প্রথম হামলার খবর। তবে তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। মূলত জাহাজে হামলা এবং হুমকি দেওয়ার মাধ্যমে তেহরান কার্যত এই প্রণালিটি বন্ধ করে দিয়েছে।

ইরানের টহল বোটগুলো আকারে ছোট, দ্রুতগামী এবং সহজে শনাক্ত করা যায় না। এগুলোর কোনও কোনোটিতে কেবল দুটি আউটবোর্ড মোটর লাগানো থাকে। এই ধরনের ছোট বোটগুলো দিয়েই ইরান বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী ইরানের ছোট নৌযানগুলোকে লক্ষ্য করে গুলি এবং ধ্বংস করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন।

 

বর্তমানে তিন সপ্তাহের ভঙ্গুর একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ডোনাল্ড ট্রাম্প শনিবার সাংবাদিকদের বলেছেন যে নতুন করে হামলার সম্ভাবনা এখনও রয়ে গেছে।

Share This