ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর বাজারে কেবল নেটওয়ার্ক (ডিস) ব্যবসায়ী ও এ আর ডিসকোভারীর স্বত্বাধিকারী ওমর ছাদেক রুমনের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী ডিস ব্যবসায়ী ফখরুদ্দিন ফারুক ও তার সহযোগীদের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত রুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় নবাবপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত রুমনের অভিযোগ, তিনি নিজের প্রতিষ্ঠান থেকে মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার সময় ফখরুদ্দিন ফারুক, রুবেলসহ ৩-৪ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
তার চিৎকার শুনে স্থানীয় দোকানদার ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজন ও স্থানীয়রা তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রুমন দাবি করেন, ফখরুদ্দিন ফারুক দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। গত বছর এক লাখ টাকা চাঁদা দাবি করে তা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া জোরপূর্বক তার ডিস সংযোগের অনেক লাইন দখল এবং তার কেটে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলেও দাবি করেন রুমন।
এ ঘটনায় রুমন সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, "আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
উল্লেখ্য, হামলা, চাঁদাবাজি ও ক্ষয়ক্ষতির অভিযোগগুলো ভুক্তভোগীর দাবি। এ বিষয়ে অভিযুক্ত ফখরুদ্দিন ফারুকের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।