বিসিবিতে পদত্যাগের হিড়িক

বিসিবিতে পদত্যাগের হিড়িক

স্পোর্টস ডেস্ক : April 05, 2026

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগের হিড়িক চলছে। গতকালকের বোর্ড সভার পর পদত্যাগ করেছেন ৪ বোর্ড পরিচালক। শুরুতে ফাইয়াজুর রহমানের পর পদত্যাগ পত্র জমা দিয়েছেন শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী। পরে মঞ্জুর আলমও একই পথে হেঁটেছেন। 

পদত্যাগ করা ফাইয়াজুর ছিলেন বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান। একই সঙ্গে ক্রিকেট কমিটি অবম ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যানও ছিলেন তিনি। শানিয়ান ছিলেন ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির প্রধান। সিকিউরিটি কমিটির প্রধান ছিলেন মেহরাব। আর মঞ্জুর ছিলেন মেডিকেল বিভাগের প্রধান। 

চারজনই অবশ্য শনিবারের বিসিবির বোর্ড সভায় ছিলেন। সেই সভার পরেই সরে দাঁড়ান তারা। 

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক। তার আগে ২৩ মার্চ বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ায় পরিচালক পদ থেকে সরে দাঁড়ান আমজাদ হোসেনও।

Share This