সোনাগাজীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সোনাগাজীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফেনী প্রতিনিধি : September 27, 2026

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি সোনাগাজী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

পৌর বিএনপির সদস্যসচিব নিজাম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়া ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া।

বক্তারা বলেন, সোনাগাজীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেকোনো ধরনের অপচেষ্টা ও নৈরাজ্য প্রতিহত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক ও ঐক্যবদ্ধ রয়েছেন বলেও তারা উল্লেখ করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সোনাগাজীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Share This