বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের ঘটনার প্রেক্ষিতে সতর্কবার্তা দিয়েছে ক্ষমতাসীন দল বিএনপির মিডিয়া সেল। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়া সেলের নাম দিয়ে বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কে নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৮ জুন) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারের তথ্য আমাদের নজরে এসেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের নামে বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ, কমিউনিটি সক্রিয় রয়েছে।
এই প্রেক্ষিতে পরিষ্কার করে বলা যাচ্ছে, বিএনপি মিডিয়া সেলের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করা হয়নি।
যেসব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত কমিটি দাবি করছে, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই।
এতে অননুমোদিত ও ভুয়া কমিটি প্রদানকারীদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলেও সতর্ক করা হয়।
বিজ্ঞপ্তিতে দলের সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের এসব বিভ্রান্তিকর তথ্য ও তালিকা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।