বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ঢাকাস্থ বিমান বাহিনী সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। এ সময় তিনি সম্মেলনে অংশগ্রহণকারী বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বিমান বাহিনী প্রধান দেশের আকাশসীমা সুরক্ষায় বাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা তুলে ধরেন। তিনি বাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, মানবসম্পদের যথাযথ ব্যবহার এবং নৈতিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন।
এ ছাড়া আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা ও সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। আগামী দিনেও বিমান বাহিনীর প্রতিটি সদস্য দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান।
সম্মেলনে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকায় কর্মরত এয়ার ভাইস মার্শাল পদমর্যাদার কর্মকর্তারা এবং বিভিন্ন বিভাগের পরিচালকরা সরাসরি অংশগ্রহণ করেন। এ ছাড়া ঢাকার বাইরে কর্মরত সংশ্লিষ্ট এয়ার অফিসাররা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।