অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে বাংলাদেশ

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : February 01, 2026

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে (গ্লোবাল কোয়ালিফায়ার) দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৪ জয়ের পর সুপার সিক্সে ৩ ম্যাচে ৩ জয়, মোট ৭ ম্যাচে ৭ জয়। একটিও ম্যাচ না হেরে পুরো টুর্নামেন্টে শীর্ষে থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে উঠেছে বাংলাদেশ নারী দল।  

 

শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে দারুণ জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১০২ রান তোলে। সানিয়া খুরানা ৩৭ বলে ৪৩ এবং রবিনে রিজকে ৪৫ বলে ৩৯ রান করেন।  

 

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ৩ উইকেট নেন। এছাড়া মারুফা আক্তার, স্বর্ণা আক্তার এবং রাবেয়া খান ১টি করে উইকেট শিকার করেন।  

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়, ৬ রানের মধ্যে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ফিরে যান। কিন্তু এরপর শারমিন আক্তার সুপ্তা এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলকে বিপদ থেকে উদ্ধার করেন। শারমিন ২৮ বলে ১৩ রান করে আউট হন।  

 

তারপর জ্যোতির সঙ্গে যোগ দেন ফর্মে থাকা সোবহানা মোস্তারী। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন। ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। সোবহানা মোস্তারী ২৩ বলে ৩৩ রানের দারুণ ক্যামিও খেলে অপরাজিত থাকেন।  

 

২০ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করল টাইগ্রেসরা।

Share This