বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে এম আওলাদ হোসেন।
বুধবার (১ জুলাই) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব পালন শুরু করেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমান পদে দায়িত্ব পাওয়ার আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হিসেবে যোগ দেন। ব্যাংকের যাত্রার শুরু থেকেই ব্যবসায়িক লক্ষ্য অর্জনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগদানের আগে কে এম আওলাদ হোসেন ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি দীর্ঘ ১৭ বছর কর্মরত ছিলেন। এ সময়ে তিনি প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও), প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও), হেড অব ব্রাঞ্চ বিজনেস এবং শাখাপ্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৩ বছরের বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাখা ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, করপোরেট ব্যাংকিং, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং স্ট্র্যাটেজিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন।
শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন