ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ব্যক্তিগত জীবনে একগুঁয়ে ও অকৃতজ্ঞ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের আসন্ন স্মৃতিকথায় জেলেনস্কির সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরে এমন মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) বাইডেনের স্মৃতিকথাটি পর্যালোচনা করে এ তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
‘প্রমিজ মি, আমেরিকা’ শীর্ষক স্মৃতিকথায় বাইডেন লিখেছেন, ব্যক্তিগত আলোচনায় জেলেনস্কি কখনো খামখেয়ালি ও একগুঁয়ে আচরণ করতেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পাওয়ার পরও তার কাছ থেকে প্রত্যাশিত কৃতজ্ঞতা পাওয়া যায়নি বলেও মনে করেন বাইডেন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে জেলেনস্কির তর্কের ঘটনা সামনে আসার পর তার কৃতজ্ঞতা নিয়ে প্রশ্ন ওঠে।পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কংগ্রেস এবং দুই দলের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ।
বাইডেনের স্মৃতিকথায় ক্ষমতা হস্তান্তরের সময়কার নানা ঘটনা এবং রাশিয়ার সঙ্গে আলোচনায় ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য অবস্থান নিয়েও তার উদ্বেগের কথা উঠে এসেছে। বাইডেনের দাবি, ক্ষমতায় ফেরার আগে ট্রাম্পের দল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার অনুমতি চেয়েছিল। তবে ইউক্রেনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তিনি সেই অনুমতি দেননি।
স্মৃতিকথায় পুতিনের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতাও তুলে ধরেছেন বাইডেন। তার ভাষ্য, বৈঠকের সময় পুতিন কিশোরের মতো উদাসীন থাকার ভান করে বসে থাকতেন।
তবে জেলেনস্কির সমালোচনা করলেও তার অভিনয়ের অভিজ্ঞতার প্রশংসা করেছেন বাইডেন। তিনি মনে করেন, অভিনয়ের অভিজ্ঞতা জেলেনস্কিকে ভালো প্রস্তুতি দিয়েছিল।
উল্লেখ্য, বাইডেনের প্রেসিডেন্ট থাকাকালে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউক্রেনের জন্য ২.৪ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা, একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ইউক্রেনীয় এফ-১৬ পাইলটদের প্রশিক্ষণ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি।