প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় উন্নতির তাগিদ ববি হাজ্জাজের

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় উন্নতির তাগিদ ববি হাজ্জাজের

নিজস্ব প্রতিবেদক : May 14, 2026

দেশের প্রাথমিক শিক্ষার মান ভালো নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

 

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে ‘পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা ও আগামীর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ‘গণস্বাক্ষরতা অভিযান’ এই আয়োজন করে।

 

ববি হাজ্জাজ বলেন, আমি ছয় জেলার ২৫টি স্কুলে গিয়েছি। ক্লাসের রোল নাম্বার ১, ২ ও ৩ হয়তো পড়াশোনা পারে; ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ যত নিচের দিকে যাবেন; অনেক কিছুই পারছে না। যারা ক্লাস থ্রিতে আছে, তারা ক্লাস থ্রির উপযোগী না এবং যারা ফোর ও ফাইভে আছে, তারা এই ক্লাসের উপযোগী না; তাদেরকে কেউ সহযোগিতা করছে না। আমরা নতুন উদ্যোগ নিচ্ছি, যারা পিছিয়ে পরছে, তাদেরকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সবমিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

 

অধ্যাপক মুরশীদ আখতার বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় নানা ঘাটতি থেকে যাচ্ছে। যেই ঘাটতি রয়েছে, তাদের ঘাটতি পূরণে উদ্যোগ নিতে হবে। টিচার লার্নিং সার্কেল গড়ে তুলতে হবে। প্রধান শিক্ষককে প্রতি সপ্তাহে শিক্ষকদেরকে নিয়ে বসতে হবে এবং ঘাটতি, সম্ভাবনা ও পরিকল্পনা ইত্যাদি নিয়ে আলোচনা করতে হবে।

 

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী ও বিশেষজ্ঞরা।

রাশেদা কে চৌধুরী বলেন, এই সরকার শিক্ষাটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। শিক্ষাকে সরকার বড় এজেন্ডা মনে করে, এটা আমার কাছে ভালো লাগছে। শিক্ষা ছাড়া জাতির কোনো ভবিষ্যৎ নেই। বিগত যারাই এসেছে, এমন কেউ গুরুত্ব দিয়ে দেখেনি শিক্ষাকে।

তিনি আরো বলেন, প্রান্তিক পর্যায়ে কীভাবে শিক্ষার মান বাড়ানো যায়, এটার একটা মডেল তৈরি করেছি। যাতে সরকার কাজ করতে পারে। আগামী প্রজন্মকে মানসম্মত শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন মাহমুদ দাস। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে মতামত প্রদান করেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা ড. মো. শহীদ উজ জামান, চলপড়ি অ্যান্ড পার্টনারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা জেরিন মাহমুদ হোসেন, সেভ দ্যা চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্তসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share This