বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সুবেদার মেজর ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের মাসিক সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন হারে এই ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্টরা বর্তমান হারেই সীমান্ত ভাতা পাবেন।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা থেকে গেজেট জারি করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর জারি করা গেজেটটি ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।
গেজেট অনুযায়ী, জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুসারে গ্রেড ও চাকরির বয়স বিবেচনায় সীমান্ত ভাতার নতুন হার নির্ধারণ করা হয়েছে। চাকরির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভাতার পরিমাণও বাড়বে।
নতুন হার অনুযায়ী, গ্রেড-২০ কর্মচারীরা চাকরির বয়স ৫ বছরের কম হলে মাসে ১ হাজার ৪৪০ টাকা, ৫ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম হলে ১ হাজার ৮০০ টাকা, ১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম হলে ২ হাজার ১৬০ টাকা, ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম হলে ২ হাজার ৬৪০ টাকা এবং ২০ বছর বা তার বেশি হলে ৩ হাজার ১২০ টাকা সীমান্ত ভাতা পাবেন।
গ্রেড-১৯-এ এই ভাতার হার যথাক্রমে ১ হাজার ৫৬০, ১ হাজার ৯২০, ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০ ও ৩ হাজার ২৪০ টাকা। গ্রেড-১৮-এ ১ হাজার ৬৮০, ২ হাজার ৪০, ২ হাজার ৪০০, ২ হাজার ৮৮০ ও ৩ হাজার ৩৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গ্রেড-১৭-এ ভাতা হবে যথাক্রমে ১ হাজার ৮০০, ২ হাজার ১৬০, ২ হাজার ৬৪০, ৩ হাজার ও ৩ হাজার ৬০০ টাকা। গ্রেড-১৬-এ ১ হাজার ৯২০, ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০, ৩ হাজার ২৪০ ও ৩ হাজার ৮৪০ টাকা।
গ্রেড-১৫-এ সীমান্ত ভাতা ২ হাজার ৪০, ২ হাজার ৪০০, ২ হাজার ৮৮০, ৩ হাজার ৪৮০ ও ৪ হাজার ৮০ টাকা এবং গ্রেড-১৪-এ ২ হাজার ১৬০, ২ হাজার ৬৪০, ৩ হাজার ২৪০, ৩ হাজার ৮৪০ ও ৪ হাজার ৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গ্রেড-১৩-এ ভাতার হার ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০, ৩ হাজার ৩৬০, ৪ হাজার ৮০ ও ৪ হাজার ৮০০ টাকা। গ্রেড-১২-এ ২ হাজার ৫২০, ৩ হাজার, ৩ হাজার ৬০০, ৪ হাজার ৩২০ ও ৫ হাজার ২৮০ টাকা।
গ্রেড-১১-এ ভাতার হার যথাক্রমে ২ হাজার ৬৪০, ৩ হাজার ২৪০, ৩ হাজার ৮৪০, ৪ হাজার ৫৬০ ও ৫ হাজার ৫২০ টাকা। গ্রেড-১০-এ ২ হাজার ৭৬০, ৩ হাজার ৩৬০, ৩ হাজার ৯৬০, ৪ হাজার ৬৮০ ও ৫ হাজার ৬৪০ টাকা।
গ্রেড-৯-এ সীমান্ত ভাতা হবে ২ হাজার ৮৮০, ৩ হাজার ৪৮০, ৪ হাজার ৮০, ৫ হাজার ৪০ ও ৬ হাজার টাকা। গ্রেড-৮-এ ৩ হাজার, ৩ হাজার ৬০০, ৪ হাজার ২০০, ৫ হাজার ১৬০ ও ৬ হাজার ২৪০ টাকা।
গ্রেড-৭-এ ভাতার হার ৩ হাজার ১২০, ৩ হাজার ৭২০, ৪ হাজার ৩২০, ৫ হাজার ২৮০ ও ৬ হাজার ৩৬০ টাকা। আর গ্রেড-৬-এ ৩ হাজার ২৪০, ৩ হাজার ৮৪০, ৪ হাজার ৫৬০, ৫ হাজার ৪০০ ও ৬ হাজার ৪৮০ টাকা মাসিক সীমান্ত ভাতা নির্ধারণ করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, নতুন আদেশ ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে অর্থাৎ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্থ বিভাগের ২০১৫ সালের ১৮ অক্টোবরের স্মারক অনুযায়ী সংশ্লিষ্টরা প্রচলিত হারে সীমান্ত ভাতা পাবেন।
এদিকে প্রেষণে নিয়োজিত কর্মচারীদের জন্যও বিশেষ শর্ত রাখা হয়েছে। কোনো প্রেষণে নিয়োজিত কর্মচারী সীমান্ত ভাতা গ্রহণ করলে তিনি নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত ঝুঁকি ভাতা, বিশেষ ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।