পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : September 20, 2026

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সাক্ষাতে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূতের কার্যক্রম ব্যাপকভাবে দৃশ্যমান হয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফর সফল করতেও তার অবদানের প্রশংসা করেন হুমায়ুন কবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইয়াও ওয়েনের দায়িত্ব পালনের সময়ে বাংলাদেশ-চীন সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। একই সময়ে প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ সংলাপসহ দুই দেশের মধ্যে বেশ কয়েকটি প্রাতিষ্ঠানিক যোগাযোগব্যবস্থা চালু হতে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

জবাবে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশে তিন বছর ৯ মাস দায়িত্ব পালন করা তার জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। এ নির্বাচনকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত বলেও উল্লেখ করেন ইয়াও ওয়েন।

বাংলাদেশের উন্নয়নযাত্রায় ভবিষ্যতেও চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে পুনর্ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত।

ইয়াও ওয়েন আরও জানান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী। বাংলাদেশের সঙ্গে ওই মন্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। তার বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।

সাক্ষাতে হুমায়ুন কবির ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন। বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে ধন্যবাদ জানান তিনি এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে তাদের আবারও দেখা হবে। বাংলাদেশে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দায়িত্ব পালন করায় তিনি আনন্দিত বলেও উল্লেখ করেন।

Share This