ঈদে সরকারি ছুটি বাড়িয়ে পরিপত্র জারি

ঈদে সরকারি ছুটি বাড়িয়ে পরিপত্র জারি

নিজস্ব প্রতিবেদক : March 08, 2026

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি একদিন বাড়িয়ে পরিপত্র জারি করা হয়েছে।  
 
রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকার কর্তৃক আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। 

ছুটিকালীন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে বলে পরিপত্রে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ঈদের সরকারি ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান তা অনুমোদন করেন। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল।

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল। এখন একদিন বৃদ্ধি পাওয়ায় ঈদে মোট ছুটি ভোগ করা যাবে সাত দিন।

Share This