বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।
মঙ্গলবার (২০ জুলাই) নৌ সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাগত উৎকর্ষ, আন্তঃবাহিনী সমন্বয় এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়।
এ সময় প্রিন্সিপাল স্টাফ অফিসার বিদায়ী নৌবাহিনী প্রধানের সফল নেতৃত্ব, দূরদর্শী কর্মপরিকল্পনা এবং বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।
জবাবে এডমিরাল এম নাজমুল হাসান দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক সহযোগিতা, আন্তরিক সমর্থন এবং সমন্বিত প্রচেষ্টার জন্য প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাগত সক্ষমতা ও আন্তঃবাহিনী সহযোগিতা আরও শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।