বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল আর. চ্যান্ডলার বৃহস্পতিবার (৩০ জুলাই) নৌ সদর দপ্তরে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল আর. চ্যান্ডলার নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা এবং পারস্পরিক পেশাগত সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পেশাগত সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন উভয় পক্ষ।