সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ ক্ষমতাচ্যুত সরকারের চার কর্তাব্যক্তির বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেওয়ার পর মামলার শুনানি অনুষ্ঠিত হবে আজ।
বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হবে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে গত ৪ ডিসেম্বর আদালত অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করে। জয়ের বিরুদ্ধে এরই মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
ট্রাইব্যুনালে জয় ও পলকের মামলা একসঙ্গে চলছে। তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। অন্য মামলার আসামি সালমান ও আনিসুল, তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
আদালতের আদেশ অনুযায়ী কারাগারে থাকা আনিসুল, সালমান ও পলককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।