এপ্রিলে ডিএমপির ৫২০৫ ফৌজদারি ও ৩০২ ট্রাফিক মামলা নিষ্পত্তি

এপ্রিলে ডিএমপির ৫২০৫ ফৌজদারি ও ৩০২ ট্রাফিক মামলা নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক : May 06, 2026

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে এপ্রিল মাসে মোট ৫২০৫টি ফৌজদারি ও ৩০২টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছেন।

বুধবার (৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে বিষয়টি অবগত করেন।

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা– এই আট বিভাগের আওতায় পরিচালিত অভিযানে সর্বমোট ৫,২০৫টি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় গ্রেপ্তার আসামির সংখ্যা ১০,১৫৫ জন, যার মধ্যে ৫,৮৯৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অর্থদণ্ড হিসেবে আদায় করা হয়েছে ৩৮ লাখ ৮২ হাজার ৪৪০ টাকা এবং নিলাম/বাজেয়াপ্ত থেকে আদায় হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৪৬০ টাকা।

এপ্রিল মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপি পুলিশ ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের যৌথ উদ্যোগে মোট ৫৭টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে এপ্রিল মাসে ১,৪৭০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩০২টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এসব মামলায় আসামির সংখ্যা ১,২১৬ জন। অর্থদণ্ড হিসেবে আদায় করা হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা এবং দুইজন আসামিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের তাৎক্ষণিক বিচার কার্যক্রমের ফলে মহানগরবাসীর মধ্যে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি অপরাধীদের মধ্যে ভীতি সঞ্চার হওয়ায় ঢাকা মহানগরের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ছে।

Share This