সঞ্চয়পত্রের সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিত

সঞ্চয়পত্রের সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক : January 04, 2026

জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে কিছুক্ষেত্রে সুদহার কমানোর যে সিদ্ধান্ত হয়েছিল, সেখান থেকে সরে এসেছে সরকার।

রোববার নতুন মুনাফার হার বাতিল করে পুরনো হার বহাল রাখার প্রজ্ঞাপন জারি করার জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (আইআরডি) অনুরোধ করেছে অর্থ বিভাগ। এখন আইআরডি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

এই প্রজ্ঞাপন জারি হলে ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর মাস পর্যন্ত যে হারে মুনাফা পেতেন সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা, আগামী ছয় মাসও সেই হারেই মুনাফা দেওয়া হবে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব আবদুর রহমান খান রোববার সন্ধ্যায় জানান, ‘এতক্ষণে পূর্বের হার বহাল রেখে প্রজ্ঞাপন জারি করেছে সম্ভবত। না হলে এখনই হবে।’

এর আগে গত ২৮ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছিল। এতে সাধারণ মধ্যবিত্ত ও সীমিত আয়ের বিনিয়োগকারীরা বিপাকে পড়ে যান। এমন অবস্থায় আগের হারই বহাল রাখা হলো।

Share This