বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ছুটি কমপক্ষে তিনদিন করাসহ প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
হিন্দু সম্প্রদায়ের সমস্যাগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী আমাদের সব সমস্যার কথা ধৈর্য সহকারে শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাসও দিয়েছেন।’’
সন্তোষ শর্মা জানান, প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের হিন্দুদের সমস্যা তুলে ধরার পাশাপাশি দুর্গাপূজার ছুটি কমপক্ষে তিনদিন করার দাবি জানানো হয়েছে। এ ছাড়াও ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের যেসব লোকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার, সংখ্যালঘুদের জন্য জাতীয় জীবনের সব ক্ষেত্রে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ফেসবুকে বিভিন্ন মিথ্যা প্রচারণার অভিযোগে যেসব হত্যাকাণ্ড, লুটপাট ও ধ্বংসযজ্ঞ হয়েছে সেগুলোর বিচারের দাবি জানানো হয়।
সন্তোষ শর্মা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী বলেছেন পর্যায়ক্রমে বিচার করা হবে।