শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে অর্থ দাবি, সতর্কবার্তা

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে অর্থ দাবি, সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : March 08, 2026

শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে ভুয়া মোবাইল নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে একটি প্রতারকচক্র—এমন অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক বলে জানিয়ে এ ধরনের ফোনকল, মেসেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমের যোগাযোগে বিভ্রান্ত না হতে সবার প্রতি সতর্কবার্তা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি কোনো অবস্থাতেই এসব নম্বরে অর্থ বা ব্যক্তিগত তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

 

শনিবার (৭ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

 

এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে এবং ভুয়া মোবাইল নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে। বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক এবং এর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

 

বিজ্ঞপ্তিতে এ ধরনের প্রতারণামূলক ফোনকল, মেসেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। কোনো অবস্থাতেই এসব ভুয়া নম্বরে অর্থ প্রদান বা ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং এ ধরনের প্রতারণার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share This