ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
রোববার (৭ জুন) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত দরবার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে সদর দপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগের উপপরিচালক, জেলা কর্মকর্তা ও ফায়ার স্টেশনের কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনের মাধ্যমে অংশ নেন।
দরবার অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, চাকরির শৃঙ্খলা বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তিনি আসন্ন নিয়োগ কার্যক্রমকে গত বছরের মতো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বাহিনীর কোনো সদস্য যাতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে নিয়োগসংক্রান্ত অধিদপ্তরের সব নির্দেশনা মাঠপর্যায়ের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মহাপরিচালক বলেন, ফায়ার সার্ভিসে বদলি কার্যক্রমে যে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়েছে, তা অব্যাহত রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের নির্দেশনা দেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়—এমন আইনবহির্ভূত বা আপত্তিকর কনটেন্ট প্রচারে কোনো সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি ফায়ার সার্ভিসের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের তথ্যও তুলে ধরেন।
দরবারের শেষপর্বে মহাপরিচালক সরাসরি ও অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতামত ও সমস্যার কথা শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দুপুর ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।