বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে অন্যান্য ছুটির দিনের তুলনায় বাজারে ক্রেতাদের উপস্থিতি কম দেখা গেছে। তবে বৃষ্টি উপেক্ষা করে বাজারে এসেও মাছ, মাংস ও সবজির চড়া দামে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, মাছের বাজারে নদীর মাছের দাম বেশ চড়া। প্রতি কেজি নদীর মাছ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৯০০ থেকে ১ হাজার টাকার বেশি। বড় আকারের চাষের রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। বাজারে ইলিশের সরবরাহও তুলনামূলক কম। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ কিনতে খরচ হচ্ছে দেড় হাজার টাকার বেশি।
মাছের বাড়তি দাম এড়াতে মুরগির দোকানে ভিড় করলেও সেখানেও স্বস্তি নেই। কেজিতে ১০ টাকা বেড়ে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৭০ টাকায়। সোনালি মুরগির দাম কেজিপ্রতি ৩৩০ টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।
তবে প্রায় দুই মাস পর কিছুটা কমেছে ডিমের দাম। লাল ডিমের ডজন ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। যদিও পাড়া-মহল্লার দোকানে এখনো প্রতি ডজন ডিমের দাম ১৪৫ থেকে ১৫০ টাকা বলে জানিয়েছেন ক্রেতারা।
এদিকে মাংসের বাজারে বেচাকেনা তুলনামূলক কম দেখা গেছে। তবে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকায় এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকায়।
সব মিলিয়ে বৈরী আবহাওয়ার পাশাপাশি নিত্যপণ্যের চড়া দামে চাপে রয়েছেন ক্রেতারা। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় সীমিত আয়ের মানুষের নিত্যদিনের বাজার খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।