সেবা সহজীকরণের লক্ষ্যে ই-ফায়ার লাইসেন্স চালু করলো ফায়ার সার্ভিস

সেবা সহজীকরণের লক্ষ্যে ই-ফায়ার লাইসেন্স চালু করলো ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক : May 01, 2026

জনসাধারণের সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে ই-ফায়ার লাইসেন্স চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর-১০-এ অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইওসি ভবনের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় এর শুভ উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে এত দিন ধরে চলা ম্যানুয়াল পদ্ধতির ফায়ার লাইসেন্স প্রদান প্রক্রিয়ার অবসান হলো। সংশ্লিষ্ট ব্যক্তিগণ এখন থেকে ঘরে বসেই আবেদন থেকে শুরু করে লাইসেন্স প্রাপ্তি পর্যন্ত সকল সেবা অনলাইনে গ্রহণ করতে পারবেন। ১ মে হতে নতুন ফায়ার লাইসেন্স প্রদান, ফায়ার লাইসেন্স নবায়ন, লাইসেন্স পুনর্মূল্যায়ন ইত্যাদি কার্যক্রম অনলাইনে সম্পাদন করা হবে এবং ম্যানুয়াল পদ্ধতিতে লাইসেন্স সংক্রান্ত সকল ধরনের আবেদন গ্রহণের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। উদ্বোধন অনুষ্ঠানে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের টিম প্রধান পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি। উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন যারা তাদের মধ্যে এই কার্যক্রমের প্রশংসা করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শহীদ আতাহার হোসেন, উপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান, বিএফএম; উপপরিচালক, চট্টগ্রাম বিভাগ জনাব মোঃ জসীম উদ্দ্দিন, বিএফএম (এস); উপপরিচালক, রংপুর বিভাগ জনাব মোঃ আনোয়ারুল হক; সিলেটের সহকারী পরিচালক জনাব মোঃ তৌফিকুল ইসলাম ভূঁইয়া, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মন্টু বিশ্বাস প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণ, উপপরিচালকগণ, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ এবং ই-ফায়ার লাইসেন্স প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান Perky Rabbit Corporation Limited-এর কর্ণধারসহ অন্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া সকল বিভাগ থেকে ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক এবং ওয়্যারহাউজ ইন্সপেক্টরগণ অনলাইনে যুক্ত ছিলেন।

Share This