বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক আর নেই

বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক আর নেই

বাঙ্গরা প্রতিনিধি : October 06, 2026

কুমিল্লার বাঙ্গরা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এবং বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক (বি.কম) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

 

শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখা আব্দুর রাজ্জাক ১৯৭০ সালে নিজ গ্রামে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করেন বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ১৯৮৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন বিষ্ণুপুর রহমানীয়া সাঈদীয়া মুকবুলিয়া এবতেদায়ী মাদ্রাসা, যা বর্তমানে এলাকায় ‘দীনিয়া মাদ্রাসা’ নামে পরিচিত।

 

দীর্ঘ কর্মজীবনে আব্দুর রাজ্জাক শিক্ষা বিস্তার ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।

 

পারিবারিক জীবনে তিনি তিন ছেলে ও দুই মেয়ের জনক। তার ছেলেরা হলেন—ড. মাহবুবুর রাজ্জাক, মাকসুদুর রাজ্জাক ও মাহফুজুর রাজ্জাক। মেয়েরা হলেন—বিলকিস আক্তার ও কামরুননাহার। তিনি অসংখ্য আত্মীয়স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

আব্দুর রাজ্জাক ১৯৩৭ সালের ৩০ নভেম্বর মুরাদনগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

 

মরহুমের নামাজে জানাজা বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তার প্রতিষ্ঠিত বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বিষ্ণুপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share This