মধ্যপ্রাচ্যে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

মধ্যপ্রাচ্যে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

আন্তজার্তিক ডেস্ক : May 27, 2026

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বুধবার (২৭ মে) ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা, পশু কোরবানি এবং ঈদের জামাতকে ঘিরে মুসলিম বিশ্বে বিরাজ করছে আধ্যাত্মিক আবহ।

ভোর থেকেই মিনায় অবস্থান নেওয়া লাখো হাজি ১০ জিলহজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা ‘রমি জামারাত’ পালন করেন। বড় জামারায় শয়তানের প্রতীকী স্তম্ভ লক্ষ্য করে সাতটি কঙ্কর নিক্ষেপের মাধ্যমে তারা অশুভ শক্তি ও কুমন্ত্রণা পরিহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এরপর শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। মিনার নির্ধারিত স্থানে পশু জবাইয়ের মাধ্যমে অনেক হাজি সরাসরি কোরবানি সম্পন্ন করেন। অন্যদিকে অনুমোদিত সংস্থা বা ব্যাংকের মাধ্যমে কোরবানির ব্যবস্থা নেওয়া হাজিরা বার্তা পাওয়ার পর পরবর্তী আনুষ্ঠানিকতায় অংশ নেন। পুরো আয়োজনজুড়ে ছিল শৃঙ্খলা, নিরাপত্তা ও ধর্মীয় আবেগের মেলবন্ধন।কোরবানি শেষে মাথা মুণ্ডন বা চুল ছোট করার মাধ্যমে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হন হাজিরা। দীর্ঘ সময় পর সাধারণ পোশাকে ফিরে অনেকের চোখেমুখে দেখা যায় স্বস্তি ও প্রশান্তির ছাপ। আত্মত্যাগ, সংযম ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তায় মধ্যপ্রাচ্যের মুসলিম সমাজে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।

সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানেও আজ পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব। মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত, আর পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রবাসীসহ স্থানীয় মুসল্লিরা।

Share This