নির্বাচন ও গণভোট নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যালোচনায় সেনাপ্রধানের উত্তরাঞ্চল সফর

নির্বাচন ও গণভোট নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যালোচনায় সেনাপ্রধানের উত্তরাঞ্চল সফর

নিজস্ব প্রতিবেদক : January 27, 2026

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় রংপুর ও রাজশাহী মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার তিনি ওই অঞ্চলে পরিদর্শনে যান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন। সফরকালে সেনাবাহিনী প্রধান রংপুর সার্কিট হাউসে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন এবং পরবর্তীতে, ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি), রাজশাহীতে অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Share This