নির্বাচনের দিন যদি কোনো ধরনের সমস্যা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে তা সেদিন দেখা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলা—শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আনসার কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এক ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ওই মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছি। আমি দেখেছি, এখানকার প্রস্তুতি খুবই ভালো। প্রায় প্রতিটি ভোটকেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আনসার সদস্যরা কেন্দ্রে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে। পাশাপাশি ড্রোন ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে। মোটামুটি সার্বিক পরিস্থিতি সন্তোষজনক।”