প্রত্যেক পরিবারের প্রধান নারী পাবেন ‘ফ্যামিলি কার্ড’: ফখরুল

প্রত্যেক পরিবারের প্রধান নারী পাবেন ‘ফ্যামিলি কার্ড’: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি : March 10, 2026

প্রত্যেকটি পরিবারের প্রধান নারীদের ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে এই কার্ড ঘরে ঘরে পৌঁছে যাবে। তাই কেউ অধৈর্য হবেন না।

 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর সম্মিলিত ঈদগাঁ আলীম মাদরাসা প্রাঙ্গণে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, নির্বাচনের আগে বলেছিলাম এটি আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারব না। তবে উন্নয়ন ও কাজের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করার চেষ্টা করব।

 

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে এই কর্মসূচি শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব পরিবার এই কার্ডের আওতায় আসবে। তার ভাষায়, ফ্যামিলি কার্ড একটি শক্তি ও ক্ষমতা। এই কার্ডের মাধ্যমে নারীরা বিভিন্ন ক্ষেত্রে দাঁড়াতে পারবে এবং পরিবার ও সমাজে তাদের গুরুত্ব বাড়বে।

 

এসময় তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ তিনি এই কর্মসূচির জন্য আমাদের এই অঞ্চলকে বেছে নিয়েছেন।

 

জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সামাদ, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং বিএনপির নেতারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম।

Share This