ফের বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ফের বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক : August 03, 2026

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। সর্বশেষ হিসাবে বাংলাদেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৬৯ দশমিক ৯৪ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলারে।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম–৬ (BPM6) হিসাবপদ্ধতি অনুযায়ী, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৬৫১ দশমিক ৯৭ মিলিয়ন বা ৩১ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২ দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই মাসে এ অঙ্ক ছিল ২ দশমিক ৪৭৮ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে জুলাই মাসে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পেছনে মাসের শেষ দুই দিনের অবদানও উল্লেখযোগ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ ও ৩১ জুলাই—এই দুই দিনেই প্রবাসী বাংলাদেশিরা প্রায় ১৫২ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা জুলাই মাসের মোট রেমিট্যান্স প্রবাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং ডলারের বাজারে চাপ কমাতেও এটি সহায়ক ভূমিকা রাখবে।

Share This