অবৈধ সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকার ২ নম্বর বিশেষ জজ আয়েশা নাসরিনের আদালতে এ রায় ঘোষণা করেন। দুদকের কৌঁসুলি আবুল কালাম আজাদ সাজার এ তথ্য জানিয়েছেন।
এদিন কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলায় দুদকের অভিযোগ, আসামি এস কে সুরের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য নোটিশ জারি করা হয়। তবে আদেশ পাওয়ার ২১ কার্যদিবস পেরিয়ে গেলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন। পরের বছরের ৪ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন উপপরিচালক মো. আহসান উদ্দিন।
এ মামলায় ২০২৫ সালের ৬ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচারকালে সাতজন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।