যমুনার সামনে থেকে সরলেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা!

যমুনার সামনে থেকে সরলেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা!

নিজস্ব প্রতিবেদক : February 06, 2026

পে স্কেল বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে ভুখা মিছিল নিয়ে সরকারি কর্মচারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানে অন্তত ১০ মিনিট অবস্থান করার পর পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন সরকারি কর্মচারীরা। পরে সেখান থেকে ভুখা মিছিল নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনসংলগ্ন রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে গিয়ে বসে পড়েন।

 

এর আগে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

 

পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যান। একপর্যায়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রথম দফায় অবস্থান নেন তারা। পরে সেখানকার পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে আবারও অবস্থান নেন। সেখান থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়।

 

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের পক্ষ থেকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে তা কার্যকরের দাবি জানানো হয়েছে।

 

এরও আগে দাবি আদায়ে টানা তিন দিন প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। পরে বৃহস্পতিবার চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করেন তারা।

Share This