একদিন বাড়ার পরই বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণের দাম। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন। সুদের হার নিয়ে নীতিনির্ধারকদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এতে নতুন কোনো ইঙ্গিত পাওয়া যায় কিনা, সেদিকেই নজর তাদের।
বুধবার (৭ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১টা ৪৫ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫০ ডলারে নেমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৭৭ ডলারে দাঁড়ায়।
নাগাডটকমের বাজার বিশ্লেষক ফ্র্যাঙ্ক ওয়ালবাম বলেন, স্বর্ণের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও তা সামান্য নিম্নমুখী প্রবণতা দেখাতে পারে।