দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা করা হয়েছে।
এদিকে, স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯১ টাকা কমিয়ে ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২৩৪ টাকা কমিয়ে ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২৩৪ টাকা কমিয়ে ২ হাজার ৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।