সরকারি দলের বৈঠক আজ

সরকারি দলের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক : March 11, 2026

আগামীকাল (১২ মার্চ) বৃহস্পতিবার অনুষ্ঠেয় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে আজ বুধবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে সরকারি দল। বেলা ১১টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম চূড়ান্ত করার পাশাপাশি সংসদীয় কমিটি গঠনসহ নানা সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চিফ হুইপ নূরুল ইসলাম সব সংসদ সদস্যকে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সংসদের প্রথম বৈঠকেই স্পিকারের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে। এ জন্য সরকার দলীয় এ বৈঠক থেকে স্পিকার পদে কাকে দেওয়া হচ্ছে দলীয় সমর্থন, তা চূড়ান্ত হবে।

 

নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামীকাল। তবে ওই অধিবেশনের শুরুতেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। সরকারি দলের বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া বিরোধী দলের সঙ্গে সংসদ পরিচালনায় কৌশল নির্ধারণ, গুরুত্বপূর্ণ বিল পাস, প্রশ্নোত্তর পর্ব এবং বিভিন্ন সংসদীয় কমিটি পুনর্গঠন বা নতুন করে গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হতে পারে।

হুইপ পর্যায়ে বৈঠক সম্পন্ন

এর আগে জাতীয় সংসদে সব দলের মধ্যে ঐকমত্য ও সমন্বয় বাড়াতে সরকারি ও বিরোধী দলীয় হুইপদের মধ্যে বৈঠক হয়েছে। গত সোমবার সংসদ ভবনের চিফ হুইপ নূরুল ইসলামের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

প্রতিনিধি দলে আরও ছিলেন মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত ও মো. নূরুল ইসলাম। বৈঠকে সংসদের প্রথম অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সব পক্ষের সম্মিলিত অবস্থান নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানায়।

Share This