ফেনীর সোনাগাজী উপজেলায় হেজবুত তাওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের বরকতময় আবহে আয়োজিত এ ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় উপজেলার হারবি চাইনিজ কাবাব রেস্টুরেন্টে।
অনুষ্ঠানে হেজবুত তাওহীদের শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তাওহীদ ফেনী জেলা সাবেক সভাপতি নুরুল আবছার সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা সাধারণ সম্পাদক নুরুল আলম, সোনাগাজী উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা নারী বিষয়ক সম্পাদিকা তাসলিমা আক্তার লাবনী এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক আবদুল মোতালেব।
এছাড়াও অনুষ্ঠানে হেজবুত তাওহীদের সোনাগাজী উপজেলা শাখার নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আবছার সোহাগ বলেন, মুসলিম জাতির বর্তমান দুরবস্থার প্রধান কারণ তারা তাওহীদের পথ থেকে সরে গেছে। আল্লাহর দেওয়া বিধান পরিত্যাগ করে মানুষের তৈরি বিধান অনুসরণ করার ফলে মুসলিম উম্মাহ নানা সংকটে পড়েছে। তিনি বলেন, যতদিন মুসলিম জাতি আল্লাহকে একমাত্র বিধানদাতা হিসেবে মেনে না নেবে, ততদিন তাদের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।
আলোচনা শেষে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।