সরকারি মালিকানাধীন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) বিনা অপরাধে চাকরিচ্যুত প্রায় ৭০০ শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার পুনর্বহালের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সামাদ মৃধার পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ইডিসিএল’র চাকরিচ্যুত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন চাকরিচ্যুত কর্মী রানা, কাউসার মিয়া, জামিল, কাউসার আহমেদ, সজীব, মাসুদ প্রমুখ।
চাকরিচ্যুত কর্মকর্তারা আরও বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি কোম্পানিতে যোগদানের পর এমডি আব্দুস সামাদ মৃধা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গোপন করে দ্রুত পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করেন। যোগদানের পরপরই তিনি তার ব্যক্তিগত পিএস নাজমুল হুদা, ভাগিনা শওকত ও জিএম (চলতি দায়িত্ব) মনিরুল ইসলামের সহযোগিতায় নিয়োগ ও স্থায়ীকরণে ব্যাপক অর্থ লেনদেনের মাধ্যমে নিয়োগ বাণিজ্য চালু করেন।
মানববন্ধনে আব্দুস সামাদ মৃধার দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ড ও নিয়োগ বাণিজ্যের পূর্ণাঙ্গ তদন্ত করে তাকে দ্রুত গ্রেপ্তার ও অপসারণের দাবি জানানো হয়।