সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানজট নিরসনে রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিনের ভোগান্তি, তীব্র যানজট এবং ঘনঘন দুর্ঘটনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় কলেজের সম্মুখ সড়কে ‘স্থানীয় এলাকাবাসী’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে ওঠা উদ্বেগজনক। কিছু প্রভাবশালী মহলের কারণে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। রাস্তাটি আগে থেকেই সংকীর্ণ হওয়ায় তার ওপর ফুটপাত ও সড়কের অংশ দখল করে রাখায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
তারা অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
আন্দোলনকারীরা জানান, কলেজ শুরু ও ছুটির সময় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। অবৈধ পার্কিং এবং যত্রতত্র দোকানপাটের কারণে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি যানবাহনও নির্বিঘ্নে চলাচল করতে পারে না। এতে শিক্ষার্থীদের ক্লাসে পৌঁছাতে বিলম্ব হয় এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে।
মানববন্ধন থেকে অবৈধ স্থায়ী ও অস্থায়ী স্থাপনা দ্রুত উচ্ছেদ, সড়ক প্রশস্তকরণ এবং ভবিষ্যতে যাতে কেউ ফুটপাত বা সড়ক দখল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও পৌর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি আগামী ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।