ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের উদ্যোগে পথশিশুদের নিয়ে মানবিক অনুষ্ঠান

ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের উদ্যোগে পথশিশুদের নিয়ে মানবিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : April 16, 2026

আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। “আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় আলোচনা সভা, গুণীজন সম্মাননা, পথশিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ এবং একবেলা খাবারের ব্যবস্থা।


সংগঠনের সভাপতি মহিউদ্দিন আমিনের সভাপতিত্বে এবং তরুণ সংগঠক তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. হাবিবুন নবী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেহরুন নেসা, সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মামুন, কিংবদন্তি অভিনেতা ওমর সানি, বরেণ্য সংগীতশিল্পী রবী চৌধুরী, অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অভিনেতা মুকিত জাকারিয়া, জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, অভিনেত্রী তাসনিয়া তানহাসহ আরও অনেকে।


অনুষ্ঠানে বক্তারা পথশিশুদের প্রতি সমাজের দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পথশিশু বা সুবিধাবঞ্চিত শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ—তাদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ থেকেই এগিয়ে আসা উচিত। তিনি আরও বলেন, সম্মিলিত উদ্যোগে তাদের পাশে দাঁড়ানো গেলে এই শিশুরাই একদিন আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।


সভাপতি মহিউদ্দিন আমিন তার বক্তব্যে মানবিক মূল্যবোধের ওপর জোর দিয়ে বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই বিশ্বাস থেকেই ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন সবসময় মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
আয়োজনটি শুধু সহায়তা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের পথশিশুদের পাশে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করার একটি শক্ত বার্তাও দিয়েছে।

শেয়ার করুন:

Share This