আনন্দের সঙ্গে বিজয় নিয়ে আসব : বিএনপি প্রার্থী দিপু ভূঁইয়া

আনন্দের সঙ্গে বিজয় নিয়ে আসব : বিএনপি প্রার্থী দিপু ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক : February 12, 2026

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু ভূঁইয়া) ধানের শীষ প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করেছেন। পরবর্তীতে ‘আনন্দের সঙ্গে বিজয় নিয়ে আসব’ বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মুড়াপাড়া ইউনিয়ন কমিউনিটি সেন্টার ভোট কেন্দ্রে তিনি ভোট দেন। এর আগে সকাল ৮টায় নিজ বাসা থেকে এলাকাবাসীদের সঙ্গে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা করেন দিপু ভূঁইয়া।

ভোটপ্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, এখানে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। সবাই আনন্দের সঙ্গে ভোট দিচ্ছে। ইনশাআল্লাহ আনন্দের সঙ্গে বিজয়টা নিয়ে আসব। এখন পর্যন্ত অভিযোগ করার মতো কিছু পাইনি। সবকিছুই ঠিকঠাক আছে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মো. আনোয়ার হোসেন মোল্লা, গণঅধিকার পরিষদ (জিওপি) সমর্থিত ওয়াসিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. মনিরুজ্জামান চন্দন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেহান আফজাল এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল।

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৮৪৯ জন, নারী ভোটার ২ লাখ ৯৭৭ হাজার এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

Share This