জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কারখানায় কর্মরত নারী ও পুরুষ শ্রমিকদের বেতন বৈষম্য দূর করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন দলটির আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘আমি বাস্তব অবস্থা দেখার জন্য মাঝেমধ্যে কারখানায় যাই। সেখানে সব মালিকের দৃষ্টিকোণ সমান নয়। বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকদের সম্মান দেওয়া হয় না। বিশেষ করে মায়েদের সম্মান দেওয়া হয় না। সেখানে বেতন বৈষম্য আছে, নারীদের এক রকম, পুরুষদের আরেক রকম। আমরা ক্ষমতায় গেলে এই বৈষম্য দূর করে দেব, ইনশাআল্লাহ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের আমির।
প্রায় ২০ মিনিটের বক্তব্যে তিনি নারী অধিকার, নারী শ্রমিক, গাজীপুরের উন্নয়নসহ নানা বিষয়ে কথা বলেন।