মেট্রোরেল স্টেশন থেকে সরানো হলো অবৈধ দোকানপাট

মেট্রোরেল স্টেশন থেকে সরানো হলো অবৈধ দোকানপাট

নিজস্ব প্রতিবেদক : July 09, 2026

উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেলের চারটি স্টেশন এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ২৫টি অবৈধ ও ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা অপসারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং মেট্রোরেল এলাকার শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম।

ডিএমটিসিএল জানায়, অভিযানে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ ও পল্লবী মেট্রোরেল স্টেশনের ফুটপাত ও আশপাশে গড়ে ওঠা আনুমানিক ২০ থেকে ২৫টি অবৈধ ও ভাসমান দোকান এবং অন্যান্য অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়। একইসঙ্গে অবৈধ দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।  

উচ্ছেদ অভিযানের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও দোকান মালিকদের ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে সচেতন করা হয়। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেলের অবকাঠামো ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্টেশনসংলগ্ন এলাকায় অবৈধ দখল রোধে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দুপুর পর থেকে সচিবালয় এলাকাতেও উচ্ছেদ অভিযান চালাচ্ছে। তবে সিটি করপোরেশনের অভিযানে কতগুলো দোকান অপসারণ করা হয়েছে তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

Share This